সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রুমেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছেন—এমন খবর পেয়ে আইনজীবী সমিতি ভবনের সামনের কালেক্টরেট সড়কের প্রবেশমুখে সাদা পোশাকে পুলিশ সদস্যরা অবস্থান নেন। পরে রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আহমদ তাকে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান। এ সময় ডিবি পুলিশের একটি দলও তাদের সঙ্গে থানায় যায়। পরে পুলিশ রুমেনকে থানার ভেতরে নিয়ে যায়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জ শহরের সার্কিট হাউসের সামনে একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলার আসামি। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন মিলে তাকে থানায় নিয়ে এসেছেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খায়রুল কবির রুমেন।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
