সুনামগঞ্জ

ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১১:১৩ · ১৫৭ ভিউ

সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ি ও লেহেঙ্গাসহ জহিনূর (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার জহিনূর বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাতক পৌরসভার পেপার মিল বাজারের একটি ভূষিমালের দোকানের সামনে পাকা সড়কের ওপর একটি পিকআপ ভ্যানে অবৈধ ভারতীয় পণ্য নিয়ে কয়েকজন অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ভারতীয় প্রসাধনী ও পোশাক থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি।

পরে পিকআপ ভ্যানে থাকা ১৪টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৭৩টি শাড়ি, ১৭টি লেহেঙ্গা, ১ হাজার ৪৩৪টি ফেসওয়াশ, ২৬৭টি সানস্ক্রিন, ৪১০টি ময়েশ্চারাইজার, ৬টি শেকমার্ক মিল্ক ও ৫টি প্রোটিন পাউডার উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, জব্দ করা পণ্য ও পিকআপ ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিনূর পণ্যগুলো ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন বলে এসআরবি সূত্রে জানা যায়।

সিলেট এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দ করা মালামাল ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ