সুনামগঞ্জে বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সুনামগঞ্জে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে ডিআইজি পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি আমলকি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি জেলা ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। দায়িত্ব পালনে আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে দুপুর সাড়ে ২টায় পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় তিনি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ পরিদর্শন করেন। সেখানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ইলতুৎ মিশ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে ডিআইজি প্রশিক্ষণের মানোন্নয়ন, পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিংয়ের উপযোগী প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সেবামূলক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন ডিআইজি। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় আরও উন্নত, দ্রুত, স্বচ্ছ ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
