সুনামগঞ্জ

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:৪৩ · ১৬৫ ভিউ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো শিক্ষককে পাওয়া যায়নি। এ সময় বিদ্যালয়ে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে। শিক্ষক না থাকায় তাদের পাঠদানও হয়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৫ থেকে ৭ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অবস্থান করছে। তবে তাদের পাঠদান করার জন্য কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ের অফিস কক্ষে গেঞ্জি পরা অবস্থায় এক বহিরাগত ব্যক্তিকেও বসে থাকতে দেখা যায়।

বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সাথী আক্তার, টুম্পা রানী সরকার ও জুলফা মেহফুজ জ্যোতির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ।

ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

তবে সহকারী শিক্ষক সাথী আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দশটার পর স্কুলে গিয়েছিলাম।

নির্ধারিত সময়ে শিক্ষক উপস্থিত না থাকায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সম্পর্কিত সংবাদ