সিলেট

কোম্পানীগঞ্জে ১ হাজার টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০

ফয়ছল আহমদ নুমান
ফয়ছল আহমদ নুমান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি · রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ · রাত ২:৩০ · ২৭৬ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কাটার পাওনা মাত্র ১ হাজার টাকা নিয়ে টুকেরগাঁও ও নয়াগাঙেরপাড় এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুকেরগাঁও ও নয়াগাঙেরপাড়ের মধ্যবর্তী চার রাস্তার মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

এতে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার পাওনা ১ হাজার টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। এরপর এলাকায় উত্তেজনা প্রশমনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে দুই পক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ওসি উসমান গনী।

আলোচনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দীর্ঘ আলোচনার পর টুকেরগাঁও ও নয়াগাঙেরপাড়ের মধ্যকার বিরোধটি শান্তিপূর্ণভাবে সমাধানের বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে বলে জানা গেছে। এতে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনী বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ