চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণের পর প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
সিলেট শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৭৯ জন। এর মধ্যে ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।
পুনর্নিরীক্ষণের পর সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর গ্রেড এবং ২ হাজার ৫৮৭ জনের নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৮৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১২১ জন।
আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এতে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
