সুনামগঞ্জ

র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ৩১ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৭:৫৮ · ১৭৬ ভিউ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‌্যাব-৯-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সকুলাবাদ এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য র‌্যাবের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি ব্যাগ ও মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে কৌশলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা গাঁজা, মোটরসাইকেলসহ অন্যান্য আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ