সিলেট

বিছনাকান্দিতে প্রশাসনের অভিযান; ৬ নৌকা ধ্বংস, একজনকে কারাদণ্ড

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ৩০ আগস্ট ২০২৬ · রাত ১২:২৭ · ২৪৫ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দি ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ৬টি বার্কি নৌকা ধ্বংস করার পাশাপাশি একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিছনাকান্দি জিরো পয়েন্টসহ সংশ্লিষ্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলা দায়ের করা হয় এবং আটককৃত এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসাইন এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য ও সরকারি খনিজ সম্পদ রক্ষায় আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ