সিলেট

দরুদ-সালামের ধ্বনিতে মুখরিত কোম্পানীগঞ্জ, ঈদে মিলাদুন্নবীর র‍্যালির প্রচারে মিছিল

ফয়ছল আহমদ নুমান
ফয়ছল আহমদ নুমান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি · মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:৫৯ · ১৯৮ ভিউ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মুবারক র‍্যালি সফল করার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে প্রচার মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর কোম্পানীগঞ্জ থানা সদরস্থ হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দরুদ-সালাম ও নবীপ্রেমের বিভিন্ন স্লোগানে কোম্পানীগঞ্জের সড়কগুলো মুখরিত করে তোলেন। এতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে কর্মসূচির বার্তা পৌঁছে দিতে এ প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে।

তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মুবারক র‍্যালিতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ