সিলেট

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ · সন্ধ্যা ৬:০৮ · ১৯০ ভিউ

সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রকল্পটি অনুমোদন হলে আগামী শীত মৌসুম থেকেই এর কাজ শুরু করার প্রত্যাশা রয়েছে। নগরীর প্রাকৃতিক খালগুলো অবরুদ্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট শহরের জলাবদ্ধতা তার নির্বাচনী প্রচারণার সময় থেকেই অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছিলেন। নগরীর অনেক প্রাকৃতিক খাল অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, প্রকল্পটি অনুমোদন হলে আগামী শীত মৌসুম থেকেই এর কাজ শুরু করার প্রত্যাশা রয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি নাগরিকদের দুর্ভোগও কমবে।

সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মুক্তাদির বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি হবে।

নগরীতে খোলা জায়গা ও হাঁটার পরিবেশের সংকটের কথাও তুলে ধরেন তিনি। সিলেটের পুরোনো কারাগারের জায়গায় একটি বড় পার্ক নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে নগরীর পরিবেশ ও বায়ুর মানে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি পার্কটি পর্যটকদের জন্যও আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ