সিলেট

সোবহানীঘাটে ৯০০ পিস ভারতীয় নিভিয়া ক্রিমসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · রাত ৯:২৫ · ২০১ ভিউ

সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিমসহ একটি পিকআপ জব্দ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জামাল আহমদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সোবহানীঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোবহানীঘাটের মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২ নামের ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি টাটা পিকআপে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯০০ পিস ভারতীয় নিভিয়া সফট ক্রিম (২০০ মিলি) উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

আটক জামাল আহমদ (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত মুনাফর আলীর ছেলে। জব্দ করা পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৪২২১।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় The Special Powers Act, 1974-এর ২৫B(১)(b) ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জামাল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ