সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের ১৯ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় থাকা প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সাচনা বাজার এলাকায় সব ধরনের গাছ কাটা স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
জেলা প্রশাসক জানিয়েছেন, সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে গাছ কাটার বিষয়ে জেলা কমিটির কোনো সিদ্ধান্ত হয়নি। অনুমোদন ছাড়া কীভাবে এবং কোন প্রক্রিয়ায় গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুরে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান জেলা প্রশাসক। পরে গাছ কাটার প্রক্রিয়া, অনুমোদন এবং কী ধরনের গাছ কাটা হয়েছে—এসব বিষয় যাচাইয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।
সড়কের গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে রোববার বন বিভাগ, সওজ ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক এবং ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় সওজের নির্বাহী প্রকৌশলী জানান, সুনামগঞ্জ-সাচনা বাজার সড়ক প্রশস্তকরণের জন্য তাদের কোনো প্রকল্প বা নির্দেশনা নেই। ফলে গাছ কাটার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া কেন গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দিতে তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, জেলা কমিটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি সভা করেছিল। ওই সভার কার্যবিবরণীর সূত্র ধরেই গাছ কাটার বিষয়টি শুরু হয়েছিল বলে জানা গেছে। তবে সাচনা বাজার এলাকার গাছ কাটার বিষয়ে জেলা কমিটির কোনো সিদ্ধান্ত ছিল না। কার্যবিবরণী পর্যালোচনা করেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ছাড়া সওজ কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো সুপারিশ করার কথা অস্বীকার করেছে এবং বন বিভাগও গাছ কাটার পক্ষে কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন, অসংগতিপূর্ণ ও অনুমোদনবিহীন গাছ কাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। কারা, কোন উদ্দেশ্যে এবং কেন জেলা কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে গাছ কাটার উদ্যোগ নিয়েছিল, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত কমিটিকে দ্রুত ঘটনার মূল কারণ উদঘাটন করে জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০০৪ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের বিভিন্ন অংশে প্রায় ২০ হাজার গাছ লাগানো হয়েছিল। এসব গাছের মধ্যে প্রায় সাড়ে চার হাজার গাছ কাটার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা এসব বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে গাছ কাটার আগে স্বচ্ছতা ও যথাযথ অনুমোদন নিশ্চিত করার দাবি জানান তারা।
