মৌলভীবাজার

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · রাত ৮:৩৩ · ১৭৭ ভিউ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।’

রোববার (২৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকতুল ইসলাম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা উন্নয়নে বিশ্বাস করি। শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সুফল ভবিষ্যতে সবাই ভোগ করবেন।

তিনি উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবিরের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল মুহিত বাবলু, জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিতুর রহমানসহ অনেকে।

এ ছাড়া বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য আব্দুল আলিম, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু মোহাম্মদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আজিজুল হক বাবুল ও মঈন উদ্দিন আকবর, সাংবাদিক আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, সাবেক রেলওয়ে কর্মকর্তা রেজাউর রহমান এবং বিএনপি নেতা জুনেদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবিরের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ সদস্য শওকতুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন গৌরব বর্ধন ও সামিরা জান্নাত চৌধুরী। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ইশরাত পারভীন তিশমা এবং গীতা পাঠ করেন শান্ত শর্মা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ