সুনামগঞ্জ

ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ · সন্ধ্যা ৭:৫৩ · ১৭৫ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উভয় পক্ষের বসতবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলিতারবাক গ্রামের মৃত রোয়াব আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫), নাসির উদ্দিন (৩৫), ইলিয়াস (৩৭) ও জামাল মিয়া (২৮)-এর পক্ষের সঙ্গে একই গ্রামের জিতু মিয়ার ছেলে তেরাব আলী (৬০), আব্দুল মালিকের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং ফয়জন নুরের ছেলে সুহেল মিয়া (৩০)-এর পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার চালিতারবাক ও কান্দিরগাঁও গ্রামের লোকজনের মধ্যে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এতে কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে সালিশে অংশ নেওয়া একজন মধ্যস্থতাকারীসহ অন্তত ৯ জন আহত হন। আহতদের মধ্যে জসিম উদ্দিন, সুহেল মিয়া, ইদ্রিস আলী, জামাল মিয়া ও ইলিয়াসকে স্থানীয়রা উদ্ধার করে কৈতক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ