শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে কোথায় কত জিপিএ লাগবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১ নভেম্বর ২০২৬ · রাত ১:১৯ · ১৭১ ভিউ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শনিবার (৩১ অক্টোবর)। এখন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে নভেম্বরে। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির আবেদনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর শর্ত ভিন্ন হয়। কোনো বিশ্ববিদ্যালয়ে দুই পরীক্ষায় মোট জিপিএ ৬ থাকলেও আবেদন করা যাবে। আবার কোথাও প্রয়োজন মোট জিপিএ ৮ থেকে ৯। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে মোট জিপিএর পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে পৃথক গ্রেড পয়েন্টের শর্তও রয়েছে।

বুয়েট, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে কত জিপিএ প্রয়োজন, তা তুলে ধরা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বিভিন্ন ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেছে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হওয়া যাবে না। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে চাইলে মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ প্রয়োজন।

ব্যবসায় শিক্ষা ইউনিটেও ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ প্রয়োজন।

চারুকলা ইউনিটে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। তবে নতুন শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ জিপিএ শর্ত এখনো নিশ্চিত করা যায়নি।

সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩ এবং মোট জিপিএ ৭ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও পৃথকভাবে কমপক্ষে ৩ এবং মোট জিপিএ ৭ প্রয়োজন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩ দশমিক ৫০ এবং মোট জিপিএ ৮ নির্ধারিত ছিল। সব ক্ষেত্রে চতুর্থ বিষয়সহ জিপিএ গণনা করা হয়।

বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি এবং মানবিক ইউনিটের পরীক্ষা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সময়সূচি রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। বিগত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৭ দশমিক ৫০ প্রয়োজন ছিল।

পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে ৩ দশমিক ৫০ থাকতে হতো। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ নির্ধারিত ছিল।

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৪ থাকতে হতো। জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৯ এবং পৃথকভাবে কমপক্ষে ৪ প্রয়োজন ছিল।

চারুকলা ও নাট্যকলা সংশ্লিষ্ট ‘সি-১’ ইউনিটে মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ নির্ধারিত ছিল।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৮ প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম ৪ এবং এইচএসসিতে ৩ দশমিক ৫০ থাকতে হতো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি ইউনিটে আবেদনের জিপিএ শর্ত ঘোষণা করেছে।

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ থাকতে হবে। পৃথকভাবে কোনো পরীক্ষায় ৩-এর কম থাকা যাবে না।

কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ২ দশমিক ৫০ প্রয়োজন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের গ্রেড পয়েন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এ বছর এখনো বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

গত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী, বুয়েটে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রয়োজন ছিল।

একই সঙ্গে এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- প্রতিটি বিষয়ে পৃথকভাবে গ্রেড পয়েন্ট ৫ থাকতে হতো। অর্থাৎ শুধু এইচএসসিতে জিপিএ-৫ পেলেই আবেদন করার যোগ্যতা অর্জিত হতো না; নির্দিষ্ট তিনটি বিষয়েও সর্বোচ্চ গ্রেড পয়েন্ট প্রয়োজন ছিল।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এসব শর্ত বহাল থাকবে কি না, তা এখনো নিশ্চিত করেনি বুয়েট কর্তৃপক্ষ। শিগগির এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বুয়েট।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী, আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল।

এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ এবং ইংরেজিসহ চারটি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৮ থাকতে হতো। নতুন শিক্ষাবর্ষে জিপিএ ও বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল।

চুয়েটে ভর্তি আবেদন করতে এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ এবং ইংরেজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ থাকতে হতো।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪-এর অতিরিক্ত শর্ত ছিল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন কোনো শর্ত নির্ধারণ করলে সেটিই কার্যকর হবে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকায় এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ নির্ধারণ করা হয়েছিল।

পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ থাকতে হতো।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্টের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নতুন শিক্ষাবর্ষে এসব শর্ত অপরিবর্তিত থাকবে কি না, তা ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হলেও জিপিএর চূড়ান্ত শর্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটি।

তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ প্রয়োজন ছিল। এর মধ্যে এসএসসিতে কমপক্ষে ৪ এবং এইচএসসিতে কমপক্ষে ৩ থাকতে হতো।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭ প্রয়োজন ছিল।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ এবং সমন্বিত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৭ দশমিক ৫০ নির্ধারিত ছিল।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত জিপিএ শর্ত এখনো নিশ্চিত হয়নি।

গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ এবং মোট জিপিএ ৭ প্রয়োজন ছিল।

মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ থাকতে হতো। ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ দশমিক ২৫ নির্ধারিত ছিল।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একই ভর্তি পরীক্ষার ফল দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ থাকলেও নির্দিষ্ট বিভাগে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতার শর্ত থাকতে পারে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ দশমিক ৫০ প্রয়োজন ছিল। একই সঙ্গে এইচএসসিতে গণিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩ থাকতে হতো।

‘বি’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ থাকলে আবেদনের সুযোগ ছিল।

তবে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত গ্রেড পয়েন্টের শর্ত রয়েছে। নতুন শিক্ষাবর্ষে এসব যোগ্যতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হবে।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়

দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল।

একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ এবং দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হতো।

নতুন শিক্ষাবর্ষে আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের এ শর্ত বহাল থাকবে কি না, তা চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানা যাবে।

আবেদনের আগে যা জানা জরুরি

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শুধু এসএসসি ও এইচএসসির মোট জিপিএ দেখলেই হবে না। দুই পরীক্ষায় পৃথকভাবে নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকতে হবে। পাশাপাশি চতুর্থ বিষয়সহ বা চতুর্থ বিষয় ছাড়া জিপিএ গণনা, নির্দিষ্ট বিষয়ে গ্রেড পয়েন্ট, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল এবং বিভাগ পরিবর্তনের সুযোগও বিবেচনায় নিতে হবে।

বিশেষ করে কোনো বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮ প্রয়োজন হলেও পৃথকভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০-এর শর্ত থাকলে শুধু মোট জিপিএ ৮ হলেই আবেদন করা যাবে না।

যেসব বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি, সেগুলোর ক্ষেত্রে আগের শিক্ষাবর্ষের শর্তকে চূড়ান্ত ধরে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগ্যতা ও সময়সূচি মিলিয়ে নিতে হবে।

সম্পর্কিত সংবাদ