সুনামগঞ্জ

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · সন্ধ্যা ৭:০৬ · ১৬৮ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শিক্ষা বিস্তারে ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে সরকারি, বেসরকারি, সাধারণ, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে একটি বিস্তৃত শিক্ষা নেটওয়ার্ক। উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ছাতকে মোট ৩৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে রয়েছে ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি ইংরেজি ভার্সন বিদ্যালয়, ৫০টি কওমি মাদ্রাসা এবং ২৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে রয়েছে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ৩৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, ৬টি এমপিওবিহীন মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি কলেজ, ৩টি বেসরকারি কলেজ, ২টি কামিল মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা, ৭টি আলিম মাদ্রাসা, ১২টি দাখিল মাদ্রাসা, ৫টি এমপিওবিহীন দাখিল মাদ্রাসা এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল (ব্রিজ একাডেমি)।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা নিয়মিত তদারকি করছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের মতে, এতে শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।

শিক্ষা-সংশ্লিষ্টদের মতে, সরকারি টিফিন কর্মসূচির কারণে অনেক শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে। তবে তারা টিফিনের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে শিক্ষার্থীদের নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহ না করা হয়।

সংশ্লিষ্টদের অভিমত, শিক্ষা অবকাঠামোর পাশাপাশি এখন সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং সব শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি।

বর্তমানে ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শাহজাহান আহমদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন মো. আনিসুর রহমান।

এদিকে, স্থানীয়দের মতে, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সময় আর্থিক সহায়তা ও উন্নয়ন উদ্যোগে ভূমিকা রাখছেন। একই সঙ্গে জাতীয় সংসদেও শিক্ষা খাতের উন্নয়ন বিষয়ে তিনি বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন।

তবে প্রতিবেদনে উল্লিখিত এমপির ভূমিকা ও অবদানের বিষয়গুলো স্থানীয়দের বক্তব্য ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ