যুক্তরাজ্যের এসেক্সের কলচেস্টারে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মো. মখন মিয়ার পরিবারের তিন সদস্য। গ্রীষ্মকালীন ছুটিতে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে উত্তাল জোয়ারে এক শিশুকে বাঁচাতে গিয়ে মা ও মেয়েসহ তিনজনের সলিল সমাধি হয়েছে।
বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও নিহতদের স্বজনরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাঁর ১৫ বছর বয়সী কন্যা সামিয়া রহমান এবং সেলিনা রহমানের ভাগ্নে ৯ বছর বয়সী শিশু মূসা আহমেদ। সেলিনা রহমান সুনামগঞ্জের ছাতকের প্রবীণ বিএনপি নেতা মুজিবুর রহমানের কন্যা এবং সিলেটের প্রখ্যাত বিএনপি নেতা ও দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পুত্রবধূ।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার পরিবারের সদস্যরা লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে গিয়েছিলেন। আনন্দঘন মুহূর্ত পালনের সময় হঠাৎ সাগরে তীব্র জোয়ারের স্রোত শুরু হয়। এ সময় স্রোতের টানে ৯ বছরের শিশু মূসা আহমেদ তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য সেলিনা রহমান ও তাঁর মেয়ে সামিয়া রহমান দ্রুত সাগরে ঝাঁপ দেন। কিন্তু উত্তাল জোয়ারের প্রবল স্রোতে তিনজনই একসঙ্গে তলিয়ে যান। সৈকতে উপস্থিত সেলিনা রহমানের বাবা মুজিবুর রহমান এই করুণ দৃশ্যের প্রত্যক্ষদর্শী ছিলেন।
ঘটনার পরপরই এসেক্স পুলিশ, এইচএম কোস্টগার্ড এবং রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের হেলিকপ্টার, এয়ার-অ্যাম্বুলেন্স এবং একাধিক স্পিডবোট অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক সংবাদটি ছড়িয়ে পড়লে যুক্তরাজ্য ও সিলেটে অবস্থানরত আত্মীয়-স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের মাতম শুরু হয়। ডা. মনসুর রহমানের বড় ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মাহফুজুর রহমান মুন্না শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চেয়েছেন। যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের পক্ষ থেকে এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এসেক্স পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওয়েস্ট মার্সি সৈকত এলাকা সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং উদ্ধার কাজ ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
