সুনামগঞ্জ

ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ · ১১:৫৮ পিএম · ১৯৮ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৯ জুলাই রাতে ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী দুলু মিয়া (৪০) বাদী হয়ে ছাতক থানায় এই অভিযোগটি দাখিল করেন।

অভিযুক্তরা হলেন—উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. নাজমুল হাসান জুয়েল (৪২), লাফার্জ ফেরীঘাট এলাকার সাজ্জাদ মাহমুদ মনির (৩৬) এবং চরমহল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য অজিত কুমার দাশ (৪২)। এছাড়া আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুলু মিয়া ইসলামপুর ইউনিয়নের মরাচেলা নদীর পাশে ফকির টিলা মৌজায় (দাগ নং-২৪) রেকর্ডীয় ভূমির একজন বৈধ অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা কাজ শেষ করার সময় অভিযুক্তরা একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছান। তারা নিজেদের বিভিন্ন গণমাধ্যম ও উপজেলা প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে বালু উত্তোলন অব্যাহত রাখতে দৈনিক ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

দুলু মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগকারীর দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও কয়েকটি নামসর্বস্ব অনলাইন পোর্টালে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানিকর, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তা ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

লিখিত অভিযোগে দুলু মিয়া আরও উল্লেখ করেন, অভিযুক্তরা প্রকৃত সাংবাদিক নন, বরং সাংবাদিকতার আড়ালে বালু খেকো চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় চোরাচালান ও মাদক সেবনের মতো অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন।

ব্যবসায়ী দুলু মিয়া ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ