সুনামগঞ্জ

সুরমার পানি বাড়ছেই, ছাতকে নতুন করে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২০ জুলাই ২০২৬ · ৭:৫৩ পিএম · ২০১ ভিউ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯০ মিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ছাতক উপজেলায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে উজানের এলাকায় আরও বেশি বৃষ্টিপাত হয়েছে। লাউয়ারগড়ে ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ সদর এলাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদীর পানি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মাহবুদ হোসেন ও গেজ রিডার সাজ্জাদ মাহমুদ জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নদীর পানি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে। তিনি নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ