সুনামগঞ্জের ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মধ্যবাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বর্গীয় পিয়ারী দত্তের বাড়িতে পৌঁছায়। সেখানে মহাপ্রভু সাত দিন অবস্থান করবেন। নির্ধারিত সময় শেষে পুনরায় মহাপ্রভুকে আখড়ায় ফিরিয়ে আনা হবে।
রথযাত্রাকে কেন্দ্র করে ছাতক শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুসারীর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ছাতক থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রী শ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য, মন্দির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ গণেশ পোদ্দার, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, মহিলা নেত্রী শিখা দে এবং ছাতক শ্মশান কালীমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় পোদ্দার।
এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমেন, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি রবীন্দ্র কুমার দাস, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, সাংবাদিক সেলিম মাহবুব ও তমাল পোদ্দার, আমির আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি বাবুল পাল, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দার, মন্দির কমিটির সৌরভ দাসসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক পূর্ণার্থী।
রথযাত্রার শুরুতে ও সমাপ্তিতে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
