সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আগামী কয়েক দিনে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (৬ জুলাই) কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরমা-কুশিয়ারা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বর্তমানে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সুরমা ও কুশিয়ারার পানি একদিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন দ্রুত বাড়তে পারে।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের চার জেলার (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) নদ-নদীগুলো কিছু কিছু পয়েন্টে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িকভাবে পানি ঢুকে প্লাবনের সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
একই সময়ে সিলেট বিভাগের পার্শ্ববর্তী নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নদীগুলোর পানিও দ্রুত বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা সামগ্রিকভাবে এই অঞ্চলের বন্যা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
