সুনামগঞ্জ

সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন: নৌকা জব্দ, জড়িতদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ৬ জুলাই ২০২৬ · ১২:১৭ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি গ্রামের সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালুভর্তি স্টিলের নৌকা জব্দ করেছে নৌপুলিশ। অভিযানে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌপুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি স্টিলের নৌকা এবং নৌকায় থাকা প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা।

নৌপুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পলাতক ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রয়্যালটির নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় প্রশাসনের নজরদারির কারণে নদীতে তুলনামূলকভাবে কম নৌকা চলাচল করলেও রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে অবৈধ বালু উত্তোলনকারীরা। রাতভর একের পর এক নৌকায় বালু পরিবহন করা হয় বলে দাবি তাদের। তাই অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত ও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীর এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তারা অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ