স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক সিলেট–এর সম্পাদক ও প্রকাশক-ফররুখ আহমদ চৌধুরী ফখরুর পরিবারের জন্য এসেছে গর্ব ও আনন্দের এক উল্লেখযোগ্য অর্জন। তাঁর বড় ছেলে শাফি চৌধুরী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইউনিভার্সিটি অ্যাট বাফেলো থেকে ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (MIS)’–এ বিশেষায়নসহ ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
শিক্ষাজীবনে ধারাবাহিক মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শাফি চৌধুরীর এই সাফল্যে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও ব্যবসা ব্যবস্থাপনার সমন্বিত শিক্ষায় তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন বলে জানা গেছে। ভবিষ্যতে তিনি কর্পোরেট ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে, পরিবারের সূত্রে জানা গেছে, ফররুখ আহমদ চৌধুরীর আরেক ছেলেও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। দুই সন্তানের এই অর্জনকে পরিবারে এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী ফখরু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর আদি নিবাস সিলেট নগরীর শেখঘাট এলাকায়। একসময় তাঁর সম্পাদিত সাপ্তাহিক সিলেট পত্রিকা বঞ্চিত ও অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে ব্যাপক পরিচিতি পায়। সাহসী ও জনমুখী সাংবাদিকতার জন্য পত্রিকাটি পাঠকমহলে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছিল।
সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রবাসে থেকেও নতুন প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। পরিবারের সদস্যদের এই সাফল্যকে অনেকেই তাঁর দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও আদর্শিক জীবনের প্রতিফলন হিসেবে দেখছেন।
শাফি চৌধুরীর এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
পরিবারের এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
Leave a Reply