সুনামগঞ্জ

সুনামগঞ্জের সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান, ড্রেজার জব্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১৭ মে ২০২৬ · রাত ১০:৪৯ · ৩১২ ভিউ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক সফল অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার (লিস্টার) জব্দ করা হয়েছে।

আজ রোববার (১৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ পুলিশের একটি দল এই বিশেষ অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে সোনাই নদীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের এই সরঞ্জামটি জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের সোনাই নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ ছিল।

আজকের এই যৌথ অভিযানটি পরিচালনা করেন ছাতক নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার। এ সময় নৌ পুলিশের অন্য সদস্যরাও তাঁর সাথে উপস্থিত ছিলেন। পুলিশি অভিযানের টের পেয়ে বালু খেকো চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে ছাতক নৌ পুলিশের এসআই আনোয়ার জানান, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি লিস্টার ড্রেজার জব্দ করেছি। এই অবৈধ বালু উত্তোলনের ঘটনার সাথে জড়িত মূল চারজনের নাম-পরিচয় আমরা ইতোমধ্যে পেয়েছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

নৌ পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সরকারি সম্পদ ও নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ