সুনামগঞ্জে বজ্রপাতে আরও ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে আরও ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব থামছেই না। গত ১৫ দিনের ব্যবধানে জেলায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া শান্তিগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন কৃষক।

নিহতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৪০) এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমির উদ্দিন অন্যান্য কৃষকদের সাথে আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে ধান কাটছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার বৈটাখালি গ্রামের বাসিন্দা জমির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নদীঘাটে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। তাকেও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও তিনজন কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছিলেন। সোমবারের ২ জনসহ গত ১৫ দিনে জেলায় বজ্রপাতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। হাওর এলাকায় একের পর এক বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff