সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিলেটের সোবহানীঘাট থেকে বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন গন্তব্যে দূরত্ব অনুযায়ী এ ভাড়া নির্ধারণ করেছে সিলেট তামাবিল মোটর মালিক গ্রুপ ও সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাস-মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি এবং ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির মুরব্বিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নতুন ভাড়ার তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠকে সংশ্লিষ্টরা জানান, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তালিকা অনুযায়ী, সোবহানীঘাট থেকে ইসলামপুর (৫ কিলোমিটার) ১০ টাকা, শাহপরান (৭ কিলোমিটার) ১৫ টাকা, বুলাইমিল ২০ টাকা, দাশপাড়া (৯ কিলোমিটার) ২০ টাকা, পরগনা (১১ কিলোমিটার) ২৫ টাকা, পীরের বাজার (১২ কিলোমিটার) ২৫ টাকা, বটেশ্বর (১৪ কিলোমিটার) ৩০ টাকা, শুক্রবারী বাজার (১৬ কিলোমিটার) ৩৫ টাকা, চিকনাগুল (১৭ কিলোমিটার) ৩৫ টাকা এবং বিপিএল গেট (১৯ কিলোমিটার) ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া হরিপুর (২২ কিলোমিটার) ৪৫ টাকা, বাঘের সড়ক (২৮ কিলোমিটার) ৬০ টাকা, দামড়ি (২৯ কিলোমিটার) ৬০ টাকা, দিঘীরপাড় (৩১ কিলোমিটার) ৬৫ টাকা, দরবস্ত (৩৩ কিলোমিটার) ৭০ টাকা, সারীঘাট দক্ষিণ (৩৬ কিলোমিটার) ৭৫ টাকা, সারীঘাট উত্তর (৩৭ কিলোমিটার) ৮০ টাকা, ফেরিঘাট (৪০ কিলোমিটার) ১৮৫ টাকা, জৈন্তাপুর (৪১ কিলোমিটার) ৮৫ টাকা, ৪ নম্বর বাংলাবাজার (৪৫ কিলোমিটার) ৯৫ টাকা, আদগ্রাম (৪৭ কিলোমিটার) ১০০ টাকা, শ্রীপুর (৪৮ কিলোমিটার) ১০০ টাকা, আলুবাগান (৫০ কিলোমিটার) ১০৫ টাকা, নলজুরী (৫১ কিলোমিটার) ১১০ টাকা, তামাবিল (৫৩ কিলোমিটার) ১১০ টাকা এবং জাফলং (৫৮ কিলোমিটার) ১২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোবহানীঘাট থেকে ভাইটগ্রাম (৩৫ কিলোমিটার) ৭৫ টাকা, মানিকপাড়া (৩৭ কিলোমিটার) ১৮০ টাকা, চতুলবাজার (৪০ কিলোমিটার) ৮৫ টাকা, ঈদগাহ (৪২ কিলোমিটার) ৯০ টাকা, বড়চতুল (৪৫ কিলোমিটার) ৯৫ টাকা, হকারাই (৪৭ কিলোমিটার) ১০০ টাকা, কানাইঘাট (৫১ কিলোমিটার) ১১০ টাকা, বারহাল (৪০ কিলোমিটার) ৮৫ টাকা, লাফনাউট (৪৪ কিলোমিটার) ৯০ টাকা, সাতাইন (৪৬ কিলোমিটার) ১০০ টাকা, হাতিরপাড়া (৪৯ কিলোমিটার) ১০৫ টাকা, গোয়াইনঘাট (৫২ কিলোমিটার) ১১০ টাকা এবং রাধানগর (৫৮ কিলোমিটার) ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট তামাবিল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শফিকুর রহমান জানান, ডিজেলসহ পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে নেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকেও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন তিনি।
