স্টাফ রিপোর্টার
দু’দিনের ব্যবধানে সিলেটে হামে আক্রান্ত হয়ে আরিশা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে’ই রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা.মোহাম্মদ নূরে আলম শামীম।
তিনি জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে পাঠানো হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে। এর আগে গত ৬ এপ্রিল সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ২ জন শিশুর দেহে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply