শীর্ষ খবর

নব্য জেএমবি লিংক: হবিগঞ্জে সিটিটিসির হেফাজতে কিশোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৪ এপ্রিল ২০২৬ · সন্ধ্যা ৬:৫৫ · ২৩৯ ভিউ

বানিয়াচং প্রতিনিধি
হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ১৬ বছর বয়সী ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, আটক কিশোরের বিরুদ্ধে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া সে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল বলেও জানানো হয়।

সিটিটিসি জানায়, চলতি বছরের ৩১ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আহসান জহির খান (৫০) নামে এক ব্যক্তিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সূত্র ধরেই হবিগঞ্জে এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আহসান জহির খান ও তার সহযোগীদের সঙ্গে আটক কিশোরের যোগাযোগ ছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কিশোরটি অনলাইনে সক্রিয় ছিল এবং কথিতভাবে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে দাওলাতুল ইসলাম (আইএস)-এর পক্ষে প্রচারণামূলক পোস্ট ছড়িয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করত। পাশাপাশি বোমা তৈরির নির্দেশনাসংবলিত পিডিএফ ফাইল বিতরণ এবং হামলার পরিকল্পনায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কিশোরটিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ