রাতারগুল কাণ্ডে ফের অ্যাকশনে গোয়াইনঘাট থানা পুলিশ। ওসি মো. ওমর ফারুকের কড়া নির্দেশনা আর সাঁড়াশি অভিযানে এবার জালে ধরা পড়লেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতা। “অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়; জননিরাপত্তা বিঘ্নিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না”—ওসির এমন কঠোর অবস্থানের পরই সোমবার রাতে চালানো হয় এই ঝটিকা অভিযান। এ নিয়ে আলোচিত এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা গিয়ে ঠেকল ২৯ জনে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতভর গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযান চালায় পুলিশ। ওসি মো. ওমর ফারুকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এই চার নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে সোমবারই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা (৩২), মধ্য জাফলং ইউনিয়নের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মুজিবুর রহমান সিকদার (৫০), তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মো. ফয়েজ আহমদ (৪৩)।

ঘটনার নেপথ্যে রয়েছে গত ১১ই নভেম্বর রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় গোয়াইনঘাট থানায় একটি মামলা (নম্বর ১১/৩৫০) দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ।
অভিযান প্রসঙ্গে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক সাফ জানিয়ে দিয়েছেন, গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। দেশের ভেতরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
