সিলেট

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গোপন সভার অভিযোগ, সারদা হলে তালা জাসাসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৮ · ১৯৩ ভিউ

সিলেটের সারদা স্মৃতি হলে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন সভা করতেন—এমন অভিযোগ তুলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে ফেলেন জাসাস নেতারা।

জাসাস নেতারা গণমাধ্যমকে জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে অবস্থিত জোটের কার্যালয়ে জড়ো হয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। প্রথম দিকে বিষয়টি তারা বিশ্বাস করেননি। তবে রোববার রাতে সেখানে এ ধরনের একটি সভা আয়োজনের প্রস্তুতির খবর পান।

এরপর ওই খবরের ভিত্তিতে সোমবার তারা সারদা স্মৃতি হলে যান। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

জাসাস নেতাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান বলেন, তালা লাগানোর সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের গোপন সভা অনুষ্ঠিত হয়—এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে তালা দিয়েছি। চাবি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করছি।’

সম্পর্কিত সংবাদ