সিলেট

লাক্কাতুরা চা বাগানে ডিবির হানা, ৫ জুয়াড়ি আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · সোমবার, ২ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:০৮ · ১৬৮ ভিউ

সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার শেখ সুমনের বসতঘরে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন-শাহপরান থানার চৌধুরীপাড়া এলাকার আলী হোসেন (৩০), বিমানবন্দর থানার বাদামবাগিছা এলাকার আসদ্দর আলী (৫২), ইলেকট্রিক সাপ্লাই এলাকার খোরশেদ আলম (৪৩), শাহপরান থানার উত্তর বালুচর এলাকার রোমান আহমেদ (৩৩) এবং বিমানবন্দর থানার খাসদবীর সৈয়দমুগনী এলাকার ইমন আহমেদ (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ডিবির একটি দল লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার আসরে অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, জুয়া খেলার অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ