মৌলভীবাজার

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ৩ অক্টোবর ২০২৬ · রাত ৮:০৯ · ১৫৭ ভিউ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে আদমপুর ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রোপা আমন ধান ও মৌসুমী সবজি ক্ষেত, সেই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের সড়ক যোগাযোগ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে লাউয়াছড়া খালের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ ভাঙনের ঘটনা ঘটে। এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের প্রায় ৩০টি বসতঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। চলাচলের একমাত্র রাস্তাটি পানির নিচে তলিয়ে যাওয়ায় গ্রাম দুটির প্রায় ৫০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে লাউয়াছড়া খালের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। অতিরিক্ত পানির চাপে ভানুবিল ও কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সাকিব মিয়া ও জাকির হোসেন জানান, আকস্মিক এই বন্যায় ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোপণ করা আমন ধানের জমি ও কৃষকের স্বপ্ন বোনা শাকসবজির ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণেই এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে এখনও সময় প্রয়োজন।

উল্লেখ্য, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সম্পর্কিত সংবাদ