সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে পৌঁছান। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ। রাষ্ট্রপতির স্ত্রী রাহাত আরা বেগমও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। এদিকে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সিসিকের আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দেন।
