সিলেট

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:০৬ · ১৪৮ ভিউ

সিলেটের গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর বুধবারীবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আসিদ আলী। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট দেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে। তাদের অভিযোগ, বৃদ্ধকে হত্যার পর মরদেহ ক্ষেতের জমিতে ফেলে ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে পুলিশ তদন্ত ও ময়নাতদন্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ