আলোচিত সংবাদ

পুলিশ অ্যাসল্টসহ ৫ মামলার আসামি, সন্ন্যাসীর ছদ্মবেশে ছিলেন রাজীব, অতঃপর..

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:২৬ · ১৯৪ ভিউ

ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থাকা রাজীব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ও ডিবি সিআরটি স্পেশাল টিম। পুলিশের দাবি, রাজীবের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, অস্ত্র, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে পাঁচটির বেশি মামলা রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কাষ্টঘর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাজীব কোতোয়ালি মডেল থানার মামলা নম্বর ২৪(৮)২৬-এর (পুলিশ অ্যাসল্ট) এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, দস্যুতার দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ পাঁচটির বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে রাজীব বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে অবস্থান করতেন। গ্রেপ্তারের সময়ও তিনি নিজেকে আড়াল করতে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তাকে গ্রেপ্তারে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবি সিআরটি স্পেশাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার রাজীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ