শীর্ষ খবর

দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৫১ · ১৭৬ ভিউ

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের দুই প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের আবু বক্করের ছেলে করিম আহমদ ও কুতুব উদ্দিনের ছেলে খালিদ আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে করিম আহমদ ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবের আল-মাজমাহ এলাকার হুরমায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। এ জন্য সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তারা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে গাড়িযোগে রওনা হন।

পথে তায়েফ শহরে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই করিম আহমদ ও খালিদ আহমদ মারা যান।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ জানান, নিহত দুজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন।

নিহত করিম আহমদ তিন ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় ছেলে কাতারে থাকেন। মেজো ছেলে সৌদি আরবে বাবার সঙ্গে ছিলেন এবং তাকে জেদ্দা বিমানবন্দরে বিদায় জানাতে একই গাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনিও গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে, নিহত খালিদ আহমদ আট সন্তানের জনক। তার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। নিহত দুই প্রবাসীই মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তাদের পরিবারের সদস্য ও স্বজনরা।

সম্পর্কিত সংবাদ