সিলেট

সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৬:৪৪ · ১৫৮ ভিউ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, চিনি, চা-পাতা, মহিষ, গরু ও একটি পিকআপ।

সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সোমবার রাতে কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ২৯ লাখ টাকা।

এ ছাড়া মঙ্গলবার জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪০০ কেজি ভারতীয় চিনি, ২৮০ কেজি চা-পাতা, দুটি মহিষ ও একটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবির তথ্যমতে, পৃথক এসব অভিযানে সর্বমোট ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা চোরাচালানি মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ