মুখে ঐক্যের কথা থাকলেও সাংগঠনিক কার্যক্রমে দুই বলয়ে বিভক্ত হয়ে তিন ভাগে পৃথক কর্মসূচি পালন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
জানা গেছে, বিকেল ৩টায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার ব্যানারে তাজপুর কদমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কদমতলা থেকে তাজপুর বাজার পর্যন্ত একটি মিছিল বের করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ এবং তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ।
অন্যদিকে, একই সময় একই এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে বিএনপি নেতা এনাম পীরের নেতৃত্বে পৃথক একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনাম পীর, হাবিবুর রহমান জয়নালসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, বিকেল ৪টায় হুমায়ুন কবিরের ব্যানারে গোয়ালাবাজারে আরও একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া।
মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যান ইমারান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
একই দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালনের ঘটনায় ওসমানীনগরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দলটির অভ্যন্তরীণ বিভাজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দলীয় নেতাকর্মীদের পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক ঐক্য ও নেতৃত্বের সমন্বয় নিয়ে নানা আলোচনা চলছে।
