সিলেট

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ৩১ আগস্ট ২০২৬ · রাত ৯:১১ · ১৬৩ ভিউ

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের এক বিশেষ অভিযানে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সালেহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ২:৩০ ঘটিকার সময় উপজেলার জয়নগর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালেহ গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামিকে ধরতে সক্ষম হয় পুলিশ। ধৃত আসামির বিরুদ্ধে ২৬ আগস্ট গোয়াইনঘাট থানায় একটি মামলা (মামলা নং-৩৬) দায়ের করা হয়েছিল।

অভিযান প্রসঙ্গে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, অপরাধ দমনে আমাদের নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মানব পাচারে জড়িত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সমাজ থেকে মানব পাচারকারী, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ