শীর্ষ খবর

তাপে পুড়ছে সিলেট, নেই স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৩০ আগস্ট ২০২৬ · রাত ১০:২৩ · ১৮৩ ভিউ

তাপে পুড়ছে সিলেট। ভাদ্রের এই সময়ে বৃষ্টির দেখা নেই। অসহনীয় গরমের সঙ্গে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহর থেকে গ্রাম—সর্বত্রই একই চিত্র। প্রচণ্ড গরম ও বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

সোমবার (৩০ আগস্ট) সিলেটের বিদ্যুৎ পরিস্থিতি ছিল একেবারেই নাজুক। প্রচণ্ড গরমের মধ্যে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট মানুষের কষ্ট বাড়িয়ে দেয় কয়েকগুণ। এদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি।

অসহনীয় গরমের পাশাপাশি লোডশেডিংও ছিল মারাত্মক পর্যায়ে। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে গেছে। একবার বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময়েও তা ফিরছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে বাসাবাড়িতে ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে।

সকাল থেকেই তীব্র গরমের কারণে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। বিশেষ করে রিকশা, ঠেলাগাড়ি ও অটোরিকশাচালকদের কিছুক্ষণ পরপর যানবাহন থামিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পথচারীরা।

বিদ্যুতের এমন পরিস্থিতির কারণ জানতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলী ইমাম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কম পাচ্ছি, তাই বিতরণও হচ্ছে সে অনুযায়ী।’

বিদ্যুৎ কম পাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো কম উৎপাদন হচ্ছে, তাই।’ তবে উৎপাদন কম হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি আর কিছু জানাতে পারেননি।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারি বৃষ্টিপাত হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

সম্পর্কিত সংবাদ