সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সঙ্গে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।’
তারা বলেন, সামনে শিক্ষার্থীদের জীবন আরও কঠিন ও প্রতিযোগিতাময় হবে। ভবিষ্যতে প্রতিযোগিতা শুধু সহপাঠীদের সঙ্গে নয়, দেশের সব মেধাবী শিক্ষার্থীর সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পছন্দের বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
বক্তারা আরও বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। তাই শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলা, মানুষের অধিকার ও মর্যাদার পক্ষে দাঁড়ানো এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও তারুণ্যকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়।
