সুনামগঞ্জ

ভূমধ্যসাগরে সুনামগঞ্জের তরুণদের মৃত্যু: ৭ দিনের মধ্যে দালালদের তথ্য চাইলেন মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ২৬ আগস্ট ২০২৬ · বিকেল ৫:৫০ · ১৭৪ ভিউ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় সুনামগঞ্জের তরুণদের মৃত্যুর ঘটনায় জড়িত দালাল চক্রের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় মন্ত্রী বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় জড়িত দালালদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ সময় সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে উদ্দেশ করে তিনি বলেন, ভূমধ্যসাগরে সুনামগঞ্জের তরুণদের মৃত্যুর ঘটনায় জড়িত দালাল চক্রের নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

ভূমধ্যসাগরে মারা যাওয়া সুনামগঞ্জের তরুণদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, নিহত প্রত্যেক তরুণের পরিবারের একজন সদস্যকে বিদেশে পাঠানো অথবা স্বাবলম্বী করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘দালালদের প্রলোভনে পড়ে কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যেতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যারা এ কাজে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

তিনি জানান, ১০ হাজার বাংলাদেশিকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে বৈধ পথে প্রায় এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত এলাকা। তাই আমাদের সন্তানদের বৈধ পথে বিদেশে পাঠাতে হবে। বিদেশে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কাজটি শুরু করতে হবে দেশ থেকেই। এজন্য প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত সংবাদ