সিলেট

সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় মোটরসাইকেল চোরাচালান, কুমিল্লায় ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · রাত ৯:৫৯ · ২১৭ ভিউ

কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা ছয়টি অবৈধ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পরিবহন করছে।

এর ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বুড়িচং থানার ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ছয়টি মোটরসাইকেলে নয়জন ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। তবে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। পরে এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও তারা জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার কচুয়ারপাড় গ্রামের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালি থানার শাহী ঈদগাহ এলাকার আব্দুল করিম (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন গদিগাঁওয়ের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁওয়ের হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই চান্দপুরের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি এলাকার রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের আবিদুল ইসলাম (২৮) এবং গোয়াইনঘাটের সালুটিঘর এলাকার কাওছার হোসেন (২৬)।

অভিযানে জব্দ করা ছয়টি মোটরসাইকেলের মধ্যে রয়েছে—রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি নীল-সাদা রঙের Yamaha R15, একটি কালো Yamaha MT15, একটি সাদা Yamaha R15, একটি কালো Yamaha MT15, একটি কালো Yamaha R15 এবং একটি নীল রঙের Yamaha R15।

ডিবি পুলিশ জানিয়েছে, এসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় এগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ