সুনামগঞ্জ

আওয়ামী লীগ নেতা ও তার পুত্রের সন্ধানে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ২৩ আগস্ট ২০২৬ · রাত ১২:৩০ · ১৩৬ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল লেইছ ও তার ছেলে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদের সন্ধানে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ও ফৌজদারি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তারা আত্মগোপনে রয়েছেন।

মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবে গত ১ জুন আবুল লেইছের বাড়িতে বিশেষ অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের সময় বাড়িতে পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। পরে পুলিশ আশপাশের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে তাদের অবস্থান ও যাতায়াত সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবুল লেইছ ও তার ছেলে ইমতিয়াজ আহমদের সন্ধানে পুলিশ প্রায়ই এলাকায় আসে। তবে পুলিশের অভিযানের সময় কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন কয়েকজন প্রতিবেশী।

তাদের অভিযোগ, সর্বশেষ অভিযানে আবুল লেইছের বড় ছেলে ইউসুফ মোহাম্মদ ফাহিমের অবস্থান জানতে চেয়ে পুলিশ কয়েকজন সাধারণ মানুষের মোবাইল ফোনও তল্লাশি করেছে। প্রতিবেশীদের দাবি, আবুল লেইছ ও তার পরিবারের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ নেই।

এ বিষয়ে ছাতক থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আবুল লেইছ, ইমতিয়াজ আহমদ ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের দাবি, মামলাগুলোর তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান শনাক্ত করা জরুরি। সে অনুযায়ী সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালানো হচ্ছে।

এদিকে ইমতিয়াজ আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বক্তব্য প্রকাশ করছেন।

পুলিশি সূত্র জানিয়েছে, আবুল লেইছ ও ইমতিয়াজ আহমদসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে প্রতিবেশীদের মোবাইল ফোন তল্লাশি ও পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ