সিলেট

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ১৯ আগস্ট ২০২৬ · রাত ৮:৪১ · ১৭৮ ভিউ

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে নয়ম মিয়া (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জানাইয়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলার অজ্ঞাত একটি স্থানে ‘বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলের পর অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল এবং এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিশ্বনাথ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ