সিলেট

গোয়াইনঘাটে মেছো বিড়াল পিটিয়ে হত্যা, জড়িতদের শাস্তির দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ১৯ আগস্ট ২০২৬ · রাত ১০:১২ · ১৭৮ ভিউ

সিলেটের গোয়াইনঘাটে একটি মেছো বিড়ালকে (স্থানীয় ভাষায় মেছো বাঘ) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু হত্যাই নয়, প্রাণীটিকে পিটিয়ে হত্যার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি স্কুলছাত্রী মেছো বিড়ালটিকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় প্রাণীটি পাশের একটি কবরস্থানে গিয়ে আশ্রয় নেয়।

পরে কয়েকজন ব্যক্তি কবরস্থান থেকে মেছো বিড়ালটিকে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, লাঠি গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দিন মেছো বিড়ালটিকে পিটিয়ে হত্যায় অংশ নেন এবং পরে হত্যার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এদিকে বন্য প্রাণী হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ