সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরা বোঝাই পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৪০) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আমির আলীর ছেলে আম্বিয়া মিয়া।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভারতীয় জিরা বোঝাই একটি পিকআপ সুরইঘাট বাজার পয়েন্ট অতিক্রম করার সময় ফারুক আহমদ ও আম্বিয়া মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে ফারুকের দুই পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফারুক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আম্বিয়া মিয়াকে কানাইঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোররাতে তার মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয় কয়েকজনের দাবি, দুর্ঘটনার সময় পিকআপটি সুনারতনপুঞ্জি সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে আসছিল। দ্রুতগতিতে সুরইঘাট বাজার অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা পিকআপটি আটক করলেও চালক তুলি মিয়া পালিয়ে যান বলে জানা গেছে। তিনি কানাইঘাটের ভাউরভাগ ৪র্থ খণ্ড গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় জিরা বোঝাই পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
