মৌলভীবাজার

বড়লেখায় কেন গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী জান্নাতুল?

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ১৭ আগস্ট ২০২৬ · রাত ৯:১৫ · ১৮৮ ভিউ

মৌলভীবাজারের বড়লেখায় ঝটিকা মিছিল ও দেয়াল লিখনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১৬ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের মৃত আব্দুল মুসাব্বির চৌধুরীর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন। বিষয়টি পুলিশের নজরে এলে ওইদিন বিকেলেই কুলাউড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বড়লেখা থানা পুলিশ জানায়, ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সরকারি দপ্তরের দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখা হয়। এ ঘটনায় পরদিন ১২ এপ্রিল বড়লেখা থানায় সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করা হয়।

পুলিশের তদন্তে ওই মিছিল ও দেয়াল লিখনের ঘটনায় জান্নাতুল ফেরদৌসের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বড়লেখা থানার ওসি (তদন্ত) ওবায়দুল ইসলাম জানান, ২০২৫ সালের ওই মিছিল ও দেয়াল লিখনের ঘটনায় সম্পৃক্ততার তথ্য-প্রমাণের ভিত্তিতে জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১১ এপ্রিলের ওই ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করেছিল। ওই মামলায় জান্নাতুল ফেরদৌসকে অন্যতম অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ