সুনামগঞ্জ

ছাতকে ফিশারি থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ১৭ আগস্ট ২০২৬ · রাত ৯:২১ · ১৮০ ভিউ

সুনামগঞ্জের ছাতকে একটি ফিশারি থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও এলাকা সংলগ্ন একটি ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে আজিজুর রহমানের মালিকানাধীন ফিশারিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি ছাতক থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ ওই নারীকে চিনে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ছাতক থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ