ক্যাম্পাস

সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · রাত ৮:৫৭ · ১৫৯ ভিউ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তবে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ—আমরা যা দেখছি, দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র আজ জাতির সামনে উন্মোচিত। তারা খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে হামলা চালাত, আজ একই কায়দায় আমাদের ওপর হামলা করছে। এর অর্থ হলো সরকার কোনো সংস্কার চায় না এবং কোনো রাজনৈতিক শক্তিকে কর্মসূচি পালন করতে দিতে চায় না।

সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস রুখতে শুধু ১১ দল নয়, দেশের ছাত্রজনতাসহ সকল গণতান্ত্রিক, সামাজিক ও রাজনৈতিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি। আমরা এখন গোলাপগঞ্জ যাবো। সেখানে দেখবো কত সন্ত্রাসী আছে এবং তারা আমাদের কতটুকু প্রতিরোধ করতে পারে। গণভোটের রায়, সংস্কার ও বিচার আদায়ের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও অভিযোগ করেন, আমরা প্রতিটি কর্মসূচি স্থানীয় প্রশাসনকে জানিয়েই পালন করছি। এরপরও হামলা হচ্ছে। যারা গত ১৬ বছর গণতন্ত্রের কথা বলেছে, তারাই আজ পরিকল্পিতভাবে গণতন্ত্র রুদ্ধ করছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দুঃখজনকভাবে আপনাদের ‘শাকসু’ (শাবিপ্রবি ছাত্র সংসদ) নির্বাচন পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গণতন্ত্র বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল এই ছাত্র সংসদ বন্ধের মাধ্যমেই। নির্বাচনের পরও যেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই জনরাকেও তারা অস্বীকার করছে।

জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ারসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ গোলাপগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা হন।

সম্পর্কিত সংবাদ